প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৩৯ পিএম (ভিজিট : ৩৪)

X
সংগৃহীত ছবি
তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’। শুক্রবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী একে ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানায়।
নৌবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আইএনএস সুনয়না’ বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে অভ্যর্থনা দিয়ে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। বন্দরে পৌঁছানোর পর নৌবাহিনীর সুসজ্জিত ব্যান্ড দল সংগীত পরিবেশন করে। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
সফরকালে জাহাজের অধিনায়ক ও ভারতীয় প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ভারতীয় নাবিকরা চট্টগ্রামের নৌঘাঁটি ও বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।
নৌবাহিনী আশা করছে, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সফর শেষে আগামী রবিবার জাহাজটি বাংলাদেশ ত্যাগ করবে।