প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৩৭ পিএম (ভিজিট : ১০৭)

X
এখনো পানির নিচে শিবপুরের আতর আঠি বিলের বিস্তীর্ণ ধানের মাঠ
টানা বৃষ্টির পর রোদ উঠলেও এখনো পানির নিচে নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়ন এর আতর আঠি বিলের বিস্তীর্ণ ধানের মাঠ।
ফলে দুঃশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কারণ এই বিলের পানি নিষ্কাশনের জন্য ফুলতলা নামে একটি খাল রয়েছে। যা চৌঘরিয়া, দত্তের গাঁও, ও তেলি কান্দা গ্রামের উপর দিয়ে ভয়ে গেছে। যার পানি ঘরিয়া বিলে গিয়ে নামে। কিন্তু খালটির একাংশ খনন করায় এবং শেষাংশ খনন না করায় পানি জমাটবদ্ধ হয়ে যায়। আবার এই খালের মাঝ দিয়ে রাস্তা হওয়ায় বান্দরের বাজার সংলগ্ন একটি কালভার্ট রয়েছে।
কালভার্টের দুই পাশের কোন কোন কৃষক খাল দখল করে কেউ সবজি, কেউ ধান, কেউ কলা চাষ করেছেন। যার জন্য খালটির কোন কোন স্থান সরু ও ভরাট হয়ে গেছে। সে জন্য পানি নিষ্কাশনে বাধা হয়ে দাড়িয়েছে। আর একারণেই কৃষকদের শত শত হেক্টর জমির ধান পানির নিচে। এমতাবস্থায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন।
স্থানীয় কৃষক বাচ্চু ও ফালু বেপারি বলেন , খালটি পরিপূর্ণ খনন না করায় পানি জমাটবদ্ধ হয়ে থাকে। যার খেসারত আমরা ( কৃষকরা) ভোগ করছি। আমাদের স্বপ্নের ফসল নষ্ট হয়ে গেছে। আমরা এখন দিশেহারা। আমরা ক্ষতি পূরণ চাই। এছাড়া কৃষকরা খালটি দ্রুত খননের জন্য স্থানীয় সংসদ সদস্য, ইউএনও এবং কৃষি বিভাগের সু দৃষ্টি কামনা করেছেন।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ বলেন, আমি আজ ( শনিবার) সরজমিনে পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসন এর সহায়তায় খাল খনন এর ব্যবস্থা করা হবে এবং ক্ষতিগ্রস্থ কৃষকদের বরাদ্দ থাকা সাপেক্ষে কৃষি প্রণোদনা বিতরণ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, অতি বৃষ্টির কারণে খালে পানি লেগে আছে। আমরা খোঁজ খবর নিয়েছি কিভাবে দ্রুত পানি সড়ানো যায়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। আর শিবপুরের এই ফুলতলা খালটি দ্রুত পুনঃ খননের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পূরণ দিতে কাজ করছেন।