বিদ্যালয়ের ফাটল ধরা ভবনে আতঙ্ক, খোলা আকাশের নিচে পাঠদান

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলার ১৫৪ নম্বর বুড়ন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি মারাত্মকভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

2026-05-10T16:24:23+00:00
2026-05-10T16:24:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিদ্যালয়ের ফাটল ধরা ভবনে আতঙ্ক, খোলা আকাশের নিচে পাঠদান
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৪৮)
খোলা আকাশের নিচে পাঠদান
X

খোলা আকাশের নিচে পাঠদান

সাতক্ষীরার তালা উপজেলার ১৫৪ নম্বর বুড়ন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি মারাত্মকভাবে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া এবং পিলারে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে অস্থায়ী ছাপরা ঘরে পাঠদান করানো হচ্ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয় ভবনের প্রতিটি পিলারে ফাটল ধরেছে। ছাদের বিভিন্ন অংশ থেকেও নিয়মিত পলেস্তারা খসে পড়ছে। গত দেড় মাসে অন্তত তিনবার পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। এমন পরিস্থিতিতে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনীহা প্রকাশ করছেন।

বিদ্যালয়টি পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেছেন ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অসিত কুমার বর্মন। শনিবার (৯ মে) তিনি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বলেন, পরিদর্শনের সময় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অর্নবের হাতে পলেস্তারা খসে পড়ে। এতে শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক শিক্ষার্থী এখন শ্রেণিকক্ষে ঢুকতে চাইছে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে গত ৫ মে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেন, ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে শিক্ষকরা পর্যন্ত অফ পিরিয়ডে ভবনের বাইরে অবস্থান করছেন। একই সঙ্গে দ্রুত অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণ এবং নতুন ভবন নির্মাণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয়টির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের আবেদনটি সুপারিশসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকের কাছে পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে অস্থায়ী গৃহ নির্মাণ ও নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তারা দ্রুত নতুন ভবন নির্মাণ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy