
সারিয়াকান্দিতে সরকারী চাকরিজীবিদের মতো বেতন স্কেল নির্ধারন ও নিরাপদ কর্মপরিবেশসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)
বগুড়ার সারিয়াকান্দিতে সরকারী চাকরিজীবিদের মতো বেতন স্কেল নির্ধারন ও নিরাপদ কর্মপরিবেশসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
আজ রোববার (১০ মে ) সকাল ১০ টা সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা ফারিয়া সমিতির সভাপতি আবিদ রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুকের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যালস্ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ওষুধ প্রতিনিধিদের জীবনযাত্রার মানোন্নয়নে ৬ দফা দাবি তুলে ধরেন। সমাবেশে বক্তব্য রাখেন— রাশেদ খান, নুর হোসেন, আবিদ রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের দোর-গোড়ায় সেবা পৌঁছে দিলেও ওষুধ প্রতিনিধিরা নানাভাবে অবহেলিত। আমরা উচ্চ শিক্ষিত, নতুন কোন ঔষধ কোম্পানি বাজারে লঞ্চ করলে, আমরা সেই ওষুধের বৈজ্ঞানিক তথ্যগুলো ডাক্তারের কাছে পৌঁছে দেই।
চিকিৎসকদের নতুন ঔষধের কার্যকারিতা, ডোজ ও পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে আধুনিক তথ্য সরবরাহ করি ও রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করে আসছি। প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত ওষুধের সহজলভ্যতার নিশ্চিত করে থাকি। আমরা দালাল নয়, আমরা রোগীদের বন্ধু, আমরা চাকুরী করি। ঔষধ শিল্পে আমাদের মত প্রচুর উচ্চশিক্ষিত প্রতিনিধিরা নিয়োজিত আছে।
তারা আরও বলেন, অনেক ক্ষেত্রে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা বিভিন্ন সময় অপমান ও মানসিক নিগ্রহের শিকার হচ্ছেন। এছাড়াও বিভিন্ন সময় তাদের 'দালাল' হিসেবে অভিহিত করা হয়। যা তাদের ব্যক্তিগত এবং সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। এর ফলে এসব পেশাজীবী ও তাদের পরিবারবর্গ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা করা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা। একটি নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।