প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১২:৩২ পিএম (ভিজিট : ১১১)

X
কৃষকের ধান কেটে দিলেন গোপালগঞ্জ-৩ এর সংসদ সদস্য এসএম জিলানী
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে কৃষকের ধান কাটে দেন।
আজ বুধবার (১৩ মে) টুঙ্গিপাড়া ধান কাটার এ কর্মসূচিতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সকাল থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মাঠে নেমে ধান কাটেন এমপি এস এম জিলানী।
এ সময় তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও শ্রমিক সংকটের বিষয়ে খোঁজখবর নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার মোল্লা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর শেখ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুষেন সেন, তুহিন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ধান কাটার পর সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এস এম জিলানী বলেন, “এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। কিন্তু কৃষকরা প্রয়োজন অনুযায়ী শ্রমিক পাচ্ছেন না। টাকা দিয়েও অনেক সময় কৃষিশ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। তাই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই সহযোগিতায় কৃষকরা কিছুটা হলেও উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের দুর্দিনে পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। কৃষির উন্নয়নে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় কৃষকরা জানান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের মাঠে এসে তাদের সঙ্গে ধান কাটায় অংশ নেওয়ায় তারা উৎসাহিত হয়েছেন। এতে কৃষকদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে তারা মনে করেন।