
X
ক্রিকেট লিগ উদ্বোধন
নীলফামারীর ক্রীড়াঙ্গনে বইছে ক্রিকেট উৎসবের আমেজ। জমকালো আয়োজনের মধ্যদিয়ে যাত্রা শুরু হলো জেলা ক্রীড়া সংস্থার প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬ এর। শুক্রবার (১৫ মে) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ক্রিকেট লিগের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন নীলফামারীর ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই এই মাঠ থেকেই রিশাদ হোসেন ও মারুফা আক্তারের মতো বিশ্বমানের প্রতিভা বেড়িয়ে আসুক। জেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিকুল আবহাওয়ার মধ্যেও আমরা আমাদের এই প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখতে চাই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম। তিনি বলেন, আবহাওয়ার প্রতিকুলতাকে জয় করেই আমরা মাঠের খেলা মাঠে রাখতে চাই। আজ প্রথম বিভাগ শুরু হলো। তবে খুব শিগগিরই আমরা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগেরও আয়োজন করতে যাচ্ছি। নিয়মিত এসব প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের জেলার তৃণমূল থেকে দক্ষ ও আগামীর তারকা ক্রিকেটাররা উঠে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের সাফল্য কামনা করেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশেনজিৎ রায়, নীলফামারী থানার ওসি (তদন্ত) দেওয়ান শাহিন জামান, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম বাবলা, যুগ্ম আহবায়ক তাহমিদ উল ইসলাম রাজু। এবারের লিগে 'ক' ও 'খ' এই দুটি গ্রুপে মোট ৮টি শক্তিশালী দল অংশগ্রহণ করছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো সিটি ক্রিকেট ক্লাব, নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি, চৌমুহনী ক্রিকেট একাডেমি, অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব, নীলফামারী ক্রিকেট একাডেমি এবং নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।
পয়েন্ট টেবিলের ভিত্তিতে আয়োজিত এই লিগকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। অনুষ্ঠানে নীলফামারীর সাবেকও বর্তমান খেলোয়ারগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্রিকেট বোদ্ধাদের মতে, কাঙ্ক্ষিত এই লিগ চালুর ফলে নীলফামারীর ঝিমিয়ে পড়া ক্রিকেট প্রাণ ফিরে পাবে এবং তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমাণের একটি বড় মঞ্চ খুঁজে পাবে। সুষ্ঠু ও সুন্দরভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করতে জেলা ক্রীড়া সংস্থা সকলের সহযোগিতা কামনা করেছে।