শনিবার (১৬ মে) বিকালে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, নানামুখী কারণে আমরা পিছিয়ে পড়েছি। তবে সঠিক নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবারও এই বাংলার হারানো ঐতিহ্য ও সম্ভাবনা পুনরুদ্ধার করতে পারব।
তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী কৃষিপণ্য ও স্থানীয় সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, হাজরাপুরী লিচুর উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ সম্প্রসারণ, কৃষকদের উদ্বুদ্ধকরণ এবং জিআই পণ্যের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।