চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে নরেন ধর নামে এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৯ মে) নগরীর খুলশী এলাকায় অবস্থিত ওই কার্যালয় থেকে লাশটি উদ্ধার করা হয়।ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ (মিডিয়া ও জনসংযোগ) বলেন, নরেন ধর (৩৮) ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে সন্দেহজনক কোনো আলামত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে বলে জানিয়েছেন নগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।