প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১০:৪০ এএম (ভিজিট : ৭১)

X
প্রতীকী ছবি
যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকায় মিম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তার বাড়ির পাশে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে।
নিহত মিম কীর্তিপুর মোড় এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, বুধবার বিকেলে মিম বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার ভোরে স্থানীয় কয়েকজন পথচারী বাঁশবাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বলেন, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে মরদেহ ফেলে যায়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। ওই রাতে মিমের শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর সাড়া দেননি।
নিলা খাতুনের দাবি, মিমের কয়েকজন বন্ধুর সঙ্গে তার বিরোধ ছিল। তাদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।