প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১:০৫ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর পশুর হাটে চোরাই গরু বিক্রি করতে গিয়ে হাট কমিটির সদস্যদের হাতে আটক হয়েছেন দুই যুবক।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুল মাঠে বসা কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের একটি চোরাই গরু ও গরু বহনে ব্যবহৃত একটি ইজিবাইকসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বরজো পাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে মো. রাজু হোসেন (২৫) এবং ইজিবাইকচালক সদর উপজেলার পরানদহা সানারডাঙ্গা এলাকার আব্দুল মান্নান গাজীর ছেলে মো. শাকিল হোসেন (২২)।
হাট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজু হোসেন হাটে একটি গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। পরে নিয়ম অনুযায়ী হাটের হাসিল বা ‘পাশ’ কাটতে গেলে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এতে হাট কমিটির সদস্যদের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে রাজু স্বীকার করেন, গরুটি তিনি সদর উপজেলার লাবসা বা খেজুরডাঙ্গা এলাকার একটি মাঠ থেকে চুরি করে এনেছেন।
ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো হাট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ জনতা রাজু ও গরু বহনে ব্যবহৃত ইজিবাইকের চালক শাকিলকে আটক করে রাখে। পরে খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান বলেন,
“চোরাই গরু বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গরু ও চুরির কাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আটক দুই যুবক এবং উদ্ধার হওয়া গরুটি ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির হেফাজতে ছিল। এ ঘটনায় থানায় চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।