প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:০০ পিএম (ভিজিট : ৯২)

X
পুশব্যাকের চেষ্টা বিএসএফের
সীমান্ত আইন অমান্য করে কথিত ‘বাংলাদেশি’ পরিচয়ে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশব্যাক) চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোরের বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা গেছে, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর ও রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকায় কয়েকজন ব্যক্তিকে জড়ো করে রাখা হয়েছে। তাদের বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিবি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, “বিএসএফের পুশইন অপতৎপরতা রুখে দিতে বেনাপোলের সাদিপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রাতভর সীমান্তে আমাদের সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।”
তিনি আরও জানান, বিজিবির কঠোর নজরদারির কারণে বিএসএফ সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৯/এস-৬ এর নিকটে ৮ থেকে ১০ জন নারী-পুরুষ ও শিশুকে এবং রঘুনাথপুর সীমান্ত দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশব্যাকের চেষ্টা করে। বর্তমানে সাদিপুর সীমান্তের জিরো লাইনে কয়েকজন নারী, পুরুষ ও শিশু অবস্থান করছেন।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খান বলেন, “ধারণা করা হচ্ছে বিএসএফ সীমান্তের যেকোনো অংশ দিয়ে পুশব্যাকের চেষ্টা করতে পারে। আমরাও সতর্ক রয়েছি। কোনোভাবেই এ ধরনের পুশইন হতে দেওয়া হবে না।”
এ ঘটনায় বিজিবি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। বিষয়টি সমাধানে দুই বাহিনীর মধ্যে শিগগিরই পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে।
এদিকে সম্ভাব্য পুশব্যাক প্রতিরোধে যশোর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।