প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:২২ পিএম (ভিজিট : ৪০)

X
ফাইল ছবি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (৩ জুন) ভোরে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মোঃ গোলাম রাব্বানীর ছেলে মোঃ মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মোঃ শাহীন (২৮)।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোররাত আনুমানিক দুইটার দিকে মহিউদ্দিন ও শাহীন ভারতের সীমান্ত পার হয়ে কালিন্দি নদী সাঁতরে কালিগঞ্জের বসন্তপুর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালালে তারা দুজনই গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। পরে রাত সোয়া তিনটার দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবণতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।
জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি মহিউদ্দিন ও শাহীন প্রায় এক বছর আগে অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতের কলকাতায় যান। সেখান থেকে তারা তামিলনাড়ু রাজ্যে গিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। আজ ভোরে একই উপায়ে সীমান্ত পেরিয়ে তারা নিজ বাড়িতে ফিরছিলেন।
এ ব্যাপারে সাতক্ষীরা-১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজিব হোসেন বলেন, গতকাল রাতে আমি নিজে বসন্তপুর সীমান্তে বাঁশঝাড়িয়া এলাকায় ছিলাম। সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি। আপনারা আহতদের সঙ্গে কথা বলেন তাহলে বিস্তারিত জানা যাবে।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান চৌধুরী বলেন, ‘ঘটনা তদন্তের বিষয়। আমরা খোঁজ-খবর নিচ্ছি। কোন সীমান্তে সেটি তিনিও নিশ্চিত করেননি।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কোন সীমান্তে ঘটেছে। এটা নিশ্চিত নয়।