প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৫২ পিএম (ভিজিট : ৬৫)

X
ব্রাজিল সমর্থক আটক
শরীয়তপুর সদর উপজেলায় আর্জেন্টিনার নারী সমর্থকের বাসায় এক ব্রাজিল সমর্থককে আটক করেছে পুলিশ। রাতে আংগারিয়া ইউনিয়নের বাঁগচী বাজার এলাকায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে ঘোরাঘুরি শেষে রুহুল আমিন নামে এক ব্যক্তি তার পরিচিত এক তরুণীর বাসায় যান। বিষয়টি জানতে পেরে স্থানীয় কয়েকজন সেখানে গিয়ে তাদের আটক করেন। পরে দুজনের সম্পর্ক সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও ওই তরুণী দাবি করেন, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে।
একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বিয়ের বিষয়টি সামনে এনে আলোচনা করেন। পরে পুলিশ বিষয়টি নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত। অন্যদিকে আঁখি আক্তার নামে ওই তরুণী আর্জেন্টিনা দলের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন।
শরীয়তপুর ব্রাজিল সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, রুহুল আমিন অনেক আগে থেকেই আমাদের ক্লাবের সঙ্গে সম্পৃক্ত নন। তাই তার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের দায়ভার ক্লাব নেবে না।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ও ফ্যান্স ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ফুটবল সমর্থনের বাইরে এটি একটি ব্যক্তিগত বিষয়। তবে ঘটনাটি নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়েছে।
এ বিষয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, অবৈধ ও অনৈতিক সম্পর্কের অভিযোগে এলাকাবাসী ওই নারী ও পুরুষকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।
ঘটনার পর ফুটবল প্রেমীদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে ঘটনাটি নিয়ে নানা ধরনের মন্তব্য ও হাস্যরসাত্মক প্রতিক্রিয়া দেখা গেছে।