মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের কন্যা আফরিন (৪) এবং মাহিমের ভাগনে, যশোরের ঝিকরগাছা উপজেলার সজিবের ছেলে আকবর। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ইজিবাইকচালক আরিফুল ইসলাম মেহেরপুরের শালিকা এলাকা থেকে যাত্রী নিয়ে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহত ইজিবাইকচালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিশু আফরিন ও আকবরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আফরিন ও আকবর।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।