প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৪২ পিএম (ভিজিট : ৪৭)

X
গাজীপুরে বাসচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২
গাজীপুরে যাত্রীবাহী দুইটি বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের মাদারগঞ্জ থানার কয়রা গ্রামের হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮) ও অজ্ঞাত পরিচয়ের যুবক (২৫)। অজ্ঞাত ওই যুবক অটোরিকশা চালক বলে পুলিশ ধারণা করছেন। বাসন থানার ওসি মো. হারুন অর রশীদ এ সব তথ্য জানিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস বাসনসড়ক এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একইদিক থেকে আসা মধুপুরগামী বিনিময় পরিবহনের অপর একটি বাস অনাবিল পরিবহনের বাসটি অতিক্রম করার সময় ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে মাঝখানে চাপা পড়ে। এতে অটো রিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং অটোরিকশা চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইটি বাসের মাঝখানে চাপা পড়ে অটোরিকশা দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস কেটে মরদেহ উদ্ধার করা হয়।