প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:১২ পিএম (ভিজিট : ৬৬)

X
সংগৃহীত ছবি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামীর সঙ্গে অভিমানের জেরে জয়িতা মন্ডল (২১) নামে এক অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জয়িতা মন্ডল রামচন্দ্রপুর গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই ইউনিয়নের অমল মন্ডলের ছেলে অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, মৃত্যুকালে জয়িতা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবার বাড়িতে অবস্থানকালে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন জয়িতা। কথোপকথনের একপর্যায়ে দুজনের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এরপর জয়িতার মা গোসল শেষে ফিরে এসে ছোট মেয়েকে জয়িতাকে দুপুরের খাবারের জন্য ডাকতে বলেন। অনেকক্ষণ সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের পাটাতনে উঠে তারা দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন জয়িতা।
পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় দ্রুত পুলিশকে খবর দিলে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, পরিবারের সদস্যদের প্রাথমিক বক্তব্য অনুযায়ী স্বামীর সঙ্গে অভিমানের জেরেই জয়িতা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ শনিবার পিরোজপুর মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবদম্পতির এমন করুণ পরিণতি এবং অনাগত সন্তানের মৃত্যুর খবর স্থানীয়দের মধ্যেও গভীর বেদনার সৃষ্টি করেছে।