প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:২৭ পিএম (ভিজিট : ৫৩)

X
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার পরপরই বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ। অভিযানে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কয়েকটি বাসের ভাড়া তালিকা যাচাই করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত ভাড়া আদায়, সরকারি নির্দেশনা অমান্য এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক আচরণের দায়ে কয়েকটি পরিবহনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালে প্রশাসনের কর্মকর্তারা বাসচালক, পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি, উৎসবের সময় প্রায়ই অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে দুর্ভোগে পড়তে হয়। প্রশাসনের এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকলে যাত্রী হয়রানি অনেকাংশে কমে আসবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া দাবি করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।