প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩৬ এএম (ভিজিট : ২২)

X
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের সাক্ষাৎ
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সম্প্রতি ঢাকায় স্পিকারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে তারা হবিগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে এমপি ফয়সল তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিল্প বিনিয়োগ বৃদ্ধি এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি প্রাধান্য পায়। তিনি জানান, দীর্ঘদিনের অমীমাংসিত এসব সমস্যা সমাধানে সরকারের সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, "ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এলাকার জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা এখন আমার প্রধান দায়িত্ব। এলাকার উন্নয়নে আমি সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।"
তিনি আরও বলেন, "মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আশা করি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং সংশ্লিষ্ট মন্ত্রীরা এ অঞ্চলের উন্নয়নে আন্তরিক সহযোগিতা করবেন।"
স্পিকারের সঙ্গে এমপির এই সাক্ষাতের খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের মতে, সরকারের উচ্চপর্যায়ে এলাকার সমস্যাগুলো এভাবে তুলে ধরার ফলে ভবিষ্যতে মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়নে নতুন দ্বার উন্মোচিত হতে পারে।