
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, আটক ১
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে 'স্টার নিউজ'-এর সাংবাদিক হোসাইন আলী বাবুর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চৌরাস্তার একটি ট্রাফিক পুলিশ বক্সের ভেতর এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে হামলাকারী যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতের নাম জুয়েল (২৮), তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়। আহত হোসাইন আলী বাবু স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি এবং শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবির হোসেনের ছেলে। তিনি পরিবারসহ গাজীপুরেই বসবাস করেন।
হামলার বর্ণনা দিয়ে সাংবাদিক হোসাইন আলী বাবু জানান, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের খবর সংগ্রহ শেষে তিনি ট্রাফিক পুলিশ বক্সে বসে ল্যাপটপে সংবাদ পাঠাচ্ছিলেন। তখন জুয়েল নামের ওই যুবক তার পরিচয় জানতে চায় এবং তার বিরুদ্ধে কেন সংবাদ প্রচার করা হয়েছে, এমন অসংলগ্ন প্রশ্ন করতে থাকে। বিষয়টি অস্বীকার করলে যুবকটি উত্তেজিত হয়ে পুলিশ বক্সের ভেতর ঢুকে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বাবুর ধারণা, তার হাতে থাকা দুটি দামি মোবাইল ফোন ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হামলা হয়ে থাকতে পারে।
এ সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য ছিলেন না। তবে বাইরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এএসআই তাজউদ্দীন চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে দ্রুত ভেতরে প্রবেশ করেন। তিনি তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে সাংবাদিককে উদ্ধার করেন। হামলাকারীকে থামাতে গিয়ে তাজউদ্দীন নিজেও সামান্য আহত হন। তার দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, "প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারী ও সাংবাদিক কেউ কাউকে আগে থেকে চিনতেন না। ওই যুবকের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের প্রমাণও পাওয়া যায়নি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে সে অসংলগ্ন ও এলোমেলো কথা বলছে।"
পেশাগত দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনায় গাজীপুরে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।