মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বীজের দোকান, সার ও কীটনাশকের দোকান, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় বিনোদপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি বীজ, সার ও কীটনাশকের দোকানে ভয়াবহ অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া কীটনাশকের গায়ে থাকা মেয়াদ মুছে ফেলে নতুন করে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিল দিয়ে বিক্রি করছিল। এছাড়া ২৩০ টাকার কীটনাশকের মূল্য পরিবর্তন করে ২৮০ টাকা লেখা হয়েছিল। অভিযানে আরও দেখা যায়, বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ এবং কীটনাশক সংগ্রহ করে নিজেদের সিল ব্যবহার করে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিল।
অভিযান চলাকালে একাধিক কৃষক প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রতারিত হওয়ার অভিযোগ করেন। কৃষি ও কৃষকদের সঙ্গে এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও তদারকি চালানো হয় এবং ভবিষ্যতে ভোক্তা অধিকারবিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ সদস্য কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।