ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নয়াপাড়া থেকে মাধবপুরের দিকে আসার পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে বালুবোঝাই একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় উপজেলার গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া এবং নয়াপাড়ার সায়হাম নগর এলাকার চিকিৎসক কামরুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন চাকমা বলেন, নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।