প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:১২ পিএম (ভিজিট : ৫৮)

X
কুষ্টিয়ায় ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড তিন গ্রাম
কুষ্টিয়ার খোকসায় হঠাৎ ২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তিন গ্রাম। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। কেউ হারিয়েছে বসতঘর, কারো ক্ষতি হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও কালের সাক্ষী শতবর্ষী বটগাছটিও উপড়ে পড়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার গোপকগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সন্তোষপুর, গোপকগ্রাম ২ ও গোপকগ্রাম ৩ নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে এই ঝড় বয়ে গেছে। ১৯৮৪ সালের পর এমন ঝড় আর দেখেনি গ্রামবাসী। এলাকাবাসী বলছেন, ৪টার দিকে হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে থাকে।
এরপর শুরু হয় বাতাস ও বজ্রপাত। একপর্যায়ে প্রকট শব্দে প্রবলবেগ ঝড় শুরু হয়। প্রায় দেড় থেকে দুই মিনিটের ঝড়ে ছোট-বড় অসংখ্য গাছ উপড়ে পড়ে। এতে তিনটি গ্রামের কয়েকশ ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয়ের প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হঠাৎ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তরা মানবেতর জীবনযাপন করছেন। নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
গোপকগ্রাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম সরদার বলেন, ‘ঝড়ে তিনটি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। ইউএনও সাহেবকে সব কিছু জানানো হয়েছে।’
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করেছি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির তালিকা করতে বলেছি। তারা জমা দিলে সহায়তা করা হবে।’