সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে একটি ভাতের হোটেল, দুটি মিষ্টির দোকান, একটি সেলুন, একটি ইলেকট্রনিকস দোকান, একটি মনিহারি দোকান এবং একটি মাটির আসবাবপত্রের দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন— মাটির আসবাবপত্র ব্যবসায়ী লাল মোহন, সেলুন মালিক রতন দাস, মনিহারি ব্যবসায়ী রেজাউল করিম, মিষ্টি ব্যবসায়ী চান মিয়া ও শাহজাহান, ভাতের হোটেল মালিক লাল মিয়া এবং ইলেকট্রনিকস ব্যবসায়ী রিপন।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী লাল মিয়া বলেন, “আমার দুটি দোকান ছিল। আগুনে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফ্যান, চাল, মিষ্টিসহ সবকিছু পুড়ে গেছে। এখন সরকারের সহযোগিতা প্রয়োজন।”
মনিহারি দোকান ও বিকাশ এজেন্ট রেজাউল করিম বলেন, “দোকানের সব মালামাল, বিকাশের টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে। আমার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত আর্থিক সহায়তা প্রদান এবং বাজারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।