
X
ছবি: প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণার মামলায় আলোচিত বিএনপি নেতা সোহেল রানা (৪৬) জামিন নিতে গিয়ে নামঞ্জুর হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) পাবনার বিজ্ঞ আমলি আদালত-৪ এ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। উপজেলাের রাঙ্গালিয়া গ্রামের মৃত আব্দুর ওহাব আলীর ছেলে এবং পারভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সোহেল রানা।
ঘটনার সূত্রে জানা গেছে, গত ৫ জুন শুক্রবার মধ্যরাতে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত সোহেল রানাকে বিভিন্ন এলাকার পাওনাদারগণ তাৎক্ষণিক আটকিয়ে মারপিট করে আহত করেন। এ সময় প্রতারিত ব্যক্তিরা তাকে দড়ি দিয়ে বেঁধে ভাঙ্গুড়া থানায় সোপর্দ করেন।
পরদিন শনিবার (৬ জুন) প্রতারণার শিকার ৩৫ জন ভুক্তভোগী ভাঙ্গুড়া থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের হয়।
এদিকে এ ঘটনার সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কণ্ঠ-এর ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন অভিযুক্ত বিএনপি নেতা সোহেল রানার স্ত্রী শিখা খাতুন।
সাংবাদিক মাসুদ রানা উপজেলার পাথরঘাটা গ্রামের ময়দান আলীর ছেলে এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভিজিডি কার্ড, টিউবওয়েল, ল্যাট্রিন ও ঘরসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয়দের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ওই নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা বলেন, “সকল তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এছাড়া সংবাদটি দেশের প্রথম সারির প্রায় সকল গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে। অথচ স্বার্থান্বেষী মহল উসকানি দিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফায়দা হাসিলের চেষ্টা করছে।”
সাংবাদিক মাসুদ রানার নামে মামলা দায়েরের ঘটনায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সহ-সভাপতি বিকাশ চন্দ্র চন্দ এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুকসহ উপজেলার কর্মরত সংবাদকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১১ জুন) ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল আজম আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, অভিযুক্ত সোহেল রানা কোর্টে জামিন নিতে গেলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।