
X
নারায়ণগঞ্জে জলবায়ু সচেতনতায় ব্যতিক্রমী আয়োজন
"যুক্তির সমীকরণে প্রাচ্যের ডান্ডি" এই প্রতিপাদ্যকে ধারণ করে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেধাবী ও যুক্তিবাদী শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৫ জুন পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত “নারায়ণগঞ্জ সদর উপজেলার মেধাবী ও যুক্তিবাদী শিক্ষার্থীদের নিয়ে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব-২০২৬।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা হল রুমে বৃহস্পতিবার (১১জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিচর্চা, নেতৃত্বগুণ, দলগত কর্মদক্ষতা এবং সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উৎসবের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এছাড়াও শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তির আলোয় আলোকিত প্রজন্ম বিনির্মানে অগ্রনী ভুমিকা পালন করবে এই বির্তক প্রতিযোগিতা।
আয়োজিত এ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে সদর উপজেলার ৬৪টিরও বেশি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৬০০ শিক্ষার্থী এবং ৬০ জন শিক্ষকের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ ও গঠনমূলক চিন্তাচর্চার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায় থেকে ৩২টি এবং মাধ্যমিক পর্যায় থেকে ২৮টি দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। নকআউট পদ্ধতিতে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ জুন সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। সেখানেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার ও সম্মাননা।
আয়োজকরা জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও লজিক অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ বিতর্ক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং সামাজিক দায়িত্ববোধ আরও বিকশিত হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে শিক্ষা, মেধা ও যুক্তিভিত্তিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও নতুন উচ্চতায় নিয়ে যেতে এই আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে এটি জেলার শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ের বিতর্ক অঙ্গনে নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।
আয়োজকদের প্রত্যাশা, “নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬” শুধু একটি প্রতিযোগিতাই নয়; বরং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, মুক্তচিন্তার বিকাশ এবং সচেতন নাগরিক তৈরির এক অনন্য উদ্যোগ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে মনে করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন।