প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১০:০৮ পিএম (ভিজিট : ৮২)

X
মনোহরদীর হাতিরদিয়ায় মাদকের আস্তানায় পুলিশের অভিযান
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার সংলগ্ন কর্নেল হকের ইটভাটার পাশে অবস্থিত একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিস কমলা রঙের ইয়াবাসহ শামীম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত শামীম উপজেলার দশদোনা গায়েন বাড়ি এলাকার আব্দুস ছাত্তার ও হালিমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই বসতবাড়িতে তল্লাশি চালানো হলে শামীমের হেফাজত থেকে ১২০ পিস কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন এসআই আল ইসলাম। এ সময় তার সঙ্গে এএসআই সোহানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।