প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৩:৪২ পিএম (ভিজিট : ১০০)

X
ছবি: প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে আর্থিকভাবে অসচ্ছল ও পিতৃহীন দুই তরুণীর বিয়ের আয়োজন করেছে একটি সামাজিক সংগঠন। একই মঞ্চে সম্পন্ন হওয়া এ আয়োজনে দুই পরিবারের স্বজন, বরযাত্রী ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) উপজেলার হরিপাশা এলাকার জান্নাত কমিউনিটি সেন্টারে এ আয়োজন করে ‘ছায়া রাজনগর’ নামে একটি সামাজিক সংগঠন।
আয়োজক সূত্রে জানা যায় সংগঠনটির উদ্যোগে উপজেলার সারমপুর গ্রামের মদিনা বেগমের বিয়ে ঘরগাঁও গ্রামের এক যুবকের সঙ্গে এবং রাজনা বেগমের বিয়ে মহলাল এলাকার এক যুবকের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বরযাত্রীসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
‘ছায়া রাজনগর-এর সংগঠক জয়নাল খান ও রুজনা বেগম জানান দেশে ও প্রবাসে অবস্থানরত কয়েকজন বাংলাদেশির সমন্বয়ে প্রতিষ্ঠিত সংগঠনটি বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার আর্থিকভাবে অসচ্ছল দুই পরিবারের কন্যার বিয়ের সম্পূর্ণ আয়োজন করা হয়েছে। পাশাপাশি নবদম্পতিদের জন্য প্রয়োজনীয় কিছু গৃহস্থালি সামগ্রীও উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
নববধূ মদিনা বেগম ও রাজনা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন পরিবারের সীমিত সামর্থ্যের কারণে এমন আয়োজন করা সম্ভব ছিল না। যারা তাদের নতুন জীবনের পথচলায় সহায়তা করেছেন তাদের প্রতি তারা কৃতজ্ঞ। একই সঙ্গে সবার কাছে দোয়া কামনা করেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে মালাবদল ও বিদায় পর্ব সম্পন্ন হয়। স্বজনদের শুভকামনা ও আশীর্বাদের মধ্য দিয়ে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেন দুই নবদম্পতি। স্থানীয়দের মতে এমন সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা রাখবে।