প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৫:০০ পিএম (ভিজিট : ৪৫)

X
সংগৃহীত ছবি
হলিউডের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা ও কৌতুকশিল্পী রনি শেল আর নেই। গত ১২ জুন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউসিএলএ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। অভিনেতার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ১৯৩১ সালের ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার রিচমন্ডে জন্মগ্রহণ করেন রনি শেল। তার আসল নাম ছিল রোনাল্ড রালফ শেল। সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময়ই বিনোদন জগতে তার যাত্রা শুরু হয়। সেই সময় তিনি সান ফ্রান্সিসকোতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবেও কাজ করেন।
রনি শেলের অভিনয়জীবনের সবচেয়ে জনপ্রিয় চরিত্র ছিল ‘গোমার পাইল: ইউএসএমসি’ ধারাবাহিকের প্রাইভেট ডিউক স্লেটার। ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রচারিত এই জনপ্রিয় সিটকমে তিনি অভিনেতা জিম নেবার্সের অভিনীত সরল-সোজা চরিত্র গোমার পাইলের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দর্শকদের মন জয় করেন। এ ছাড়া তিনি ‘দ্যাট গার্ল’ ধারাবাহিকে হার্ভি পেক চরিত্রে অভিনয় করেন। ১৯৬৭ সালে ‘গুড মর্নিং ওয়ার্ল্ড’ সিটকমে জোবি বেকারের সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। ওই সিরিজে তরুণ অভিনেত্রী গোল্ডি হনেরও উপস্থিতি ছিল।
ক্যারিয়ারে প্রায় দেড় শতাধিক টেলিভিশন প্রজেক্টে কাজ করেছেন রনি শেল। টেলিভিশনের পাশাপাশি ২৪টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ডিজনির ‘গাস’, ‘দ্য শ্যাগি ডি.এ.’ এবং ‘দ্য ডেভিল অ্যান্ড ম্যাক্স ডেভলিন’ অন্যতম।
অভিনয় ও কমেডিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তিনি ‘ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডআপ কমেডি লেজেন্ড অ্যাওয়ার্ড’ পান। এ ছাড়া তাকে সান ফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯ সালে ‘ডোন্ট লিভ ইট অল টু ইউর চিলড্রেন’ নামের অফ-ব্রডওয়ে মিউজিক্যাল কমেডিতেও অভিনয় করেছিলেন এই অভিনেতা।