প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:০৪ পিএম (ভিজিট : ১৩১)

X
ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য (আতশবাজি) ও নকল কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত পৌর শহরের বসুন্ধরা রোড এলাকার একটি বাসায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস, থানা-পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক বেদেনা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজু আহমেদ (৩৩) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বাসা থেকে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকস সামগ্রীর ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাসা থেকে দুই কার্টন আতশবাজিসহ বিপুল পরিমাণ নকল কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকস সামগ্রী ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় বিস্ফোরক দ্রব্য মজুদ ও বিক্রি এবং নকল পণ্য বিপণনের দায়ে রাজু আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, “উদ্ধার হওয়া বিস্ফোরক দ্রব্য ও নকল কসমেটিকস সামগ্রী ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”