প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৪০ এএম (ভিজিট : ৯৯)

X
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাাধীন বলরামপুর ইউনিয়নে অবস্থিত দোহসুহ দাখিল মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে উল্লেখযোগ্য সরকারি কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।
যতটুকু উন্নয়ন হয়েছে, তা প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে। ফলে কোনো রকমে জরাজীর্ণ কক্ষগুলোতে বহু বছর ধরে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সুপারসহ শিক্ষকদের বসার অফিস কক্ষটিও একেবারেই ছোট।
মাদরাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৪ সালে এমপিওভুক্ত হয়। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর বিপরীতে বর্তমানে ১৯ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। এছাড়াও প্রায় পাঁচজনের অধিক পদ শূন্য থাকায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ওই মাদরাসার সুপার মো. আমিরুল ইসলাম বিপ্লব অভিযোগের সুরে বলেন, “বিগত কোনো সরকারই এ প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন বরাদ্দ দেয়নি। আমরা যতটুকু পেরেছি, তা দিয়েই প্রতিষ্ঠানটি ধরে রেখেছি।”
দোহসুহ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ও উপজেলা জামায়াতের আমির মো. ইউনুস আলী খান বলেন, “প্রতি বছর এ মাদরাসার শিক্ষার্থীরা পড়ালেখায় ভালো ফলাফল অর্জন করে থাকে। এছাড়াও জাতীয় নির্বাচনে দোহসুহ মাদরাসা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। একই সঙ্গে মাদরাসায় আসার মূল সড়কটি আজও পাকা হয়নি। ফলে শিক্ষার্থীদের মাদরাসায় আসা-যাওয়ার ক্ষেত্রে এবং নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্ট সবাইকে ভোগান্তি পোহাতে হয়।”
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান জানান, উপজেলা উন্নয়ন প্রকল্পে দোহসুহ দাখিল মাদরাসার নাম তালিকার শীর্ষে রাখা হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে।
এলাকার সচেতন মহল মনে করেন, মাদরাসার অবকাঠামোগত উন্নয়নসহ সড়কটি দ্রুত পাকাকরণ এখন সময়ের দাবি।