
নেছারাবাদে বিএনপি নেতার জানাজা সম্পন্ন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গণমানুষের নেতা মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নামাজে জানাজায় সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মুসল্লির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জানাজার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের দিল্লিতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ জুন ২০২৬ তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ১৯৮০ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সর্বশেষ নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে তিনি সর্বমহলে একজন গণমানুষের নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
তাঁর জানাজায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন, এমপি। এছাড়াও পিরোজপুর, ভান্ডারিয়া, কাউখালী, নাজিরপুর সহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে, মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এলাকাবাসীর মতে, মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ছিলেন জনমানুষের আস্থার প্রতীক। তাঁর মৃত্যুতে নেছারাবাদে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।