প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:২১ পিএম (ভিজিট : ৯৩)

X
ছবি: প্রতিনিধি
লক্ষীপুর রায়পুরে কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষি সম্পদের টেকসই ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার (১৭ জুন) রায়পুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জহির আহম্মেদ। উপজেলা অফিসার মাজেদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মন্জুর হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার অন্য ভূমিক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফসল উৎপাদনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত রাসায়নিক সার, বীজ, পানি ও বালাইনাশক ব্যবহার করা হয়। এতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উৎপাদিত খাদ্য মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জনস্বাস্থ্য সুরক্ষা, দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে রায়পুর উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।