বাংলা গানের প্রবাদপুরুষ সৈয়দ আব্দুল হাদী

মাসুম বিল্লাহ্ রাকিব

বিনোদন

বাংলা গানের প্রবাদপুরুষ ও জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার

2026-07-01T11:36:45+00:00
2026-07-01T11:36:45+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাংলা গানের প্রবাদপুরুষ সৈয়দ আব্দুল হাদী
মাসুম বিল্লাহ্ রাকিব
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১১:৩৬ এএম   (ভিজিট : ৪৮)
সৈয়দ আব্দুল হাদী
X

সৈয়দ আব্দুল হাদী

বাংলা গানের প্রবাদপুরুষ ও জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সুরেলা কণ্ঠ, মুগ্ধকর গায়কি ও অসংখ্য কালজয়ী গানের মাধ্যমে বাংলা সঙ্গীতে অমলিন স্থান করে নিয়েছেন এই গুণী শিল্পী। তার শৈশব ও কৈশোর কেটেছে আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া এবং কলকাতায়। দীর্ঘ সঙ্গীতজীবনে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান, যা আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে অনুরণিত হয়।

সৈয়দ আব্দুল হাদীর পিতা সৈয়দ আব্দুল হাই ছিলেন তৎকালীন সরকারি কর্মকর্তা। তিনি গান গাইতে এবং শুনতে পছন্দ করতেন। বাবার গ্রামোফোনে গান শুনেই সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মায় হাদীর। নিজে নিজে গুনগুন করে গাইতেন। আর এভাবেই তার সঙ্গীতচর্চা শুরু। ১৯৫৮ সালে সৈয়দ আবদুল হাদী ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। সৈয়দ আব্দুল হাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েল্স ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরীয়ান হিসেবে কাজ করেছেন।

আবদুল হাদী প্লেব্যাক ও দেশাত্ববোধক গানের জন্য সবচেয়ে বেশি জনপ্রিয়। ১৯৬০ সালে ছাত্রজীবন থেকেই চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন। ১৯৬৪ সালে সৈয়দ আবদুল হাদী একক কণ্ঠে প্রথম বাংলা সিনেমায় গান করেন। সিনেমার নাম ছিল ‘ডাকবাবু’। মো. মনিরুজ্জামানের রচনায় সঙ্গীত পরিচালক আলী হোসেনের সুরে একটি গানের মাধ্যমে আবদুল হাদীর চলচ্চিত্রে যাত্রা শুরু।

বেতারে গাওয়া তার প্রথম জনপ্রিয় গান ‘কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো’। সালাউদ্দিন জাকি পরিচালিত ঘুড্ডি চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করেছিলেন লাকী আখ্ন্দ। এই চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘সখি চলনা, সখি চলনা জলসা ঘরে এবার যাই’- গেয়েছেন সৈয়দ আবদুল হাদী।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হয় সৈয়দ আবদুল হাদীর প্রথম রবীন্দ্র সংগীতের একক অ্যালবাম ‘যখন ভাঙলো মিলন মেলা’। সৈয়দ আবদুল হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে অনার্স পড়ার সময় সুবল দাস, পি.সি গোমেজ, আবদুল আহাদ, আবদুল লতিফ প্রমুখ তাকে গান শেখার ক্ষেত্রে সহায়তা ও উৎসাহ যুগিয়েছেন।

তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, যে মাটির বুকে ঘুমিয়ে আছে, একবার যদি কেউ ভালোবাসতো, এই পৃথিবীর পান্থশালায়, চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, এমনও তো প্রেম হয়, কারও আপন হইতে পারলি না, কেউ কোন দিন আমারে তো, যেও না সাথী, শূন্য হাতে আজ এসেছি, দুঃখ চির সাথীরে, সখি চলনা জলসা ঘরে যাই, আমি তোমারই প্রেম ভিক্ষারী, চক্ষের নজর এমনি কইরা, জন্ম থেকে জ্বলছি মাগো, কোন কিতাবে লেখা আছে, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার, তোমাদের সুখের এই নীড়ে, আউল বাউল লালনের দেশে, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এ জীবনে তুমি ওগো এলে, মনে প্রেমের বাত্তি জ্বলে ইত্যাদি।

তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০০ সালে সঙ্গীতে অবদানের জন্য তিনি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক লাভ করেন।

এদিকে গুণী এই শিল্পীর ৮৬তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। অনুষ্ঠান সূচিতে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান, তারকা আড্ডা এবং একটি প্রামাণ্যচিত্র। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে চ্যানেলটির নিয়মিত আয়োজন ‘তারকা কথন’। বিশেষ এ পর্বে সানজিদা রহমানের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ আব্দুল হাদী। 

তার সঙ্গে থাকবেন তিন সংগীত ব্যক্তিত্ব- গীতিকার রফিকউজ্জমান কণ্ঠশিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। তাদের কথোপকথনে ওঠে আসবে সৈয়দ আব্দুল হাদীর সংগীতজীবনের নানা স্মৃতি, অজানা গল্প ও দীর্ঘ পথচলার অভিজ্ঞতা। দিনের আয়োজন শুরু হবে সকাল সাড়ে ৭টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গান আছে এখানে’ দিয়ে। চ্যানেল আই সেরাকণ্ঠ-খ্যাত শিল্পী লুইপার উপস্থাপনা এবং ইফতেখার মুনিমের প্রযোজনায় অনুষ্ঠানে পরিবেশিত হবে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া ১২টি কালজয়ী গান। গানগুলো গাইবেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক।

এ ছাড়া বিকেল সোয়া ৫টায় প্রচার হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে...’ । এতে খোলামেলা আলাপচারিতায় সৈয়দ আব্দুল হাদী স্মৃতিচারণ করেছেন তার শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশার কথা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy