প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৪৯ এএম (ভিজিট : ২৭)

X
ছবি: প্রতিনিধি
হবিগঞ্জে খোয়াই ও কালনী-কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমার দিকে ক্রমশ বাড়ছে জেলার অন্য পাঁচটি নদীর পানিও। গতকাল বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার বাল্লা পয়েন্টে ২১.২০ মিটার দিয়ে খোয়াই নদীর পানি প্রবাহিত হয়, যা বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজমিরীগঞ্জ উপজেলা পয়েন্টে কালনী-কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হয় ৫.০৫ মিটার, অর্থাৎ বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান স্বাক্ষরিত দৈনিক পানির সমতলের তথ্যে এ কথা উল্লেখ করা হয়েছে।
বাকি তিনটি নদী—সোনাই, ধলেশ্বরী ও মেঘনা—এসব নদীর পানি বিপৎসীমার ১ থেকে ২৬২ সেন্টিমিটার নিচে থাকলেও ক্রমশ বাড়ছিল বলে তিনি জানিয়েছেন।
নির্বাহী প্রকৌশলীর ভাষ্য, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৯.৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে ব্যাপক হারে পানি বাড়বে। ফলে জেলা সদর ও ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হচ্ছে হাট-বাজার ও জনবসতি।