প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:৪৬ পিএম (ভিজিট : ৬৬)

X
খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার অন্তত ৩০টি গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার পরিবার এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা এখনো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কোথাও কোথাও সড়ক ও সেতু পানির নিচে থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে পড়েছেন দুর্গত মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও অনেক বাড়িঘর, কৃষিজমি ও গ্রামীণ সড়ক এখনো পানিতে তলিয়ে রয়েছে। ফলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না হাজারো মানুষ। শিশু, বয়স্ক ও অসুস্থদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
শনিবার বিকেলে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও কৃষিখাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।