প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম (ভিজিট : ৫৩)

X
ছবি: প্রতিনিধি
নারী শিক্ষার্থীদের জন্য ‘অরুণিমা কর্নার’ চালুর ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মূল দর্শন ‘স্টুডেন্ট ফার্স্ট’ এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।
রোববার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, “দায়িত্ব গ্রহণের পরই বলেছিলাম, আমাদের একমাত্র দর্শন হচ্ছে ‘স্টুডেন্ট ফার্স্ট’। শিক্ষার্থীদের সুরক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করা প্রয়োজন, আমাদের প্রশাসন তা করবে।”
তিনি জানান, জুলাই আন্দোলনে ছাত্রীদের অবদান স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ে ‘অরুণিমা কর্নার’ স্থাপন করা হবে। সেখানে স্বাস্থ্যসম্মত ওয়াশরুম, নামাজের স্থান, ক্লাসের ফাঁকে বিশ্রামের ব্যবস্থা থাকবে। প্রয়োজন হলে ব্রেস্টফিডিং কর্নারও রাখা হবে।
উপাচার্য আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্রীরা তাঁদের সহপাঠীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেই অবদানের স্বীকৃতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবার প্রথমবারের মতো ‘প্রতিরোধ দিবস’ পালন করা হয়।