
X
ছবি: প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব জোরদারের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ শুরু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। ‘সমান আওয়াজ’ প্রকল্পের উদ্যোগে কর্মশালাটি বাস্তবায়ন করছে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)।
এতে সহযোগিতা করছে কোডি ইনস্টিটিউট, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। কর্মশালা চলবে মঙ্গলবার (১৪ জুলাই) পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং ‘সমান আওয়াজ’ প্রকল্পের সিনিয়র মনিটরিং রিসোর্স কর্মকর্তা ইবনে আজম বাধন। আলোচনায় অংশ নেন সিসিডিবির ‘সমান আওয়াজ’ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাতিজা খাতুন ও নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন।
এ সময় প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডারসমতাভিত্তিক সমাজ গঠনে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।
প্রথম দিনের কর্মসূচিতে নিবন্ধন, পরিচয়পর্ব, উদ্বোধনী আলোচনা, প্রকল্প পরিচিতি এবং অংশগ্রহণকারীদের প্রত্যাশা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি ‘সমান আওয়াজ’ প্রকল্পের লক্ষ্য, নারীবাদী নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা, জেন্ডার ও লিঙ্গের ধারণা, জেন্ডার সমতা ও ন্যায্যতা এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া জেন্ডারভিত্তিক সামাজিক ভূমিকা, প্রচলিত ধ্যান-ধারণা ও স্টেরিওটাইপ, ক্ষমতার সম্পর্ক, নারীর নেতৃত্বের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, ইন্টারসেকশনালিটি এবং জেন্ডারভিত্তিক বৈষম্য নিয়ে দলীয় আলোচনা, ব্রেইনস্টর্মিং ও উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সিসিডিবির কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনেরা অংশ নেন। আয়োজকদের আশা, এ কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে জেন্ডারসমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং নারীর নেতৃত্ব বিকাশে সচেতনতা ও সক্ষমতা আরও বাড়বে।