প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম (ভিজিট : ২৮)

X
ছবি: প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে সীমান্তবর্তী এলাকার ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
চলমান বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সীমান্তবর্তী অঞ্চলের বহু দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ফলে অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছে। এই প্রেক্ষাপটে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।
সোমবার বেলা ১১টায় আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়কসহ বিজিবির কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বিজিবির এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সীমান্তবর্তী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।