প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম (ভিজিট : ২৭)

X
সংগৃহীত ছবি
কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা, সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। একই সঙ্গে ২০২২ সালে গঠিত পূর্ববর্তী ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
১৩ জুলাই বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ মে ২০২২ তারিখে অনুমোদিত আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন কুমিল্লা উত্তর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ নীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. শহীদুল, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজওয়ান উল আহসান শ্যামল, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
দলীয় সূত্র জানায়, এই কমিটির প্রধান দায়িত্ব হবে জেলার সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত করা এবং তৃণমূলকে আরও সক্রিয় করে নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল আয়োজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা।
প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তি দলীয় সূত্রে প্রকাশ করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের এ পদক্ষেপ আগামী দিনের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।