যশোরের শার্শা উপজেলার টেংরালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
এ সময় ঘটনাস্থল থেকে নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা, এক সেট তাস এবং একটি মাদুর জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে শার্শা থানার এসআই (নিরস্ত্র) মো. আনিসুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে টেংরালী গ্রামের দক্ষিণপাড়ায় মো. বশিয়ার উদ্দিনের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সেখানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তবে আরও দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা হলেন টেংরালী (দক্ষিণপাড়া) গ্রামের মো. সমশের আলীর ছেলে মো. সামাউল ইসলাম (৩৫) এবং ইয়াকুব আলীর ছেলে মো. সেলিম রহমান (৩৭)।
পুলিশের উপস্থিতিতে সাক্ষীদের সামনে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫২টি তাসের একটি সেট, নগদ ৪৯ হাজার ৭৩০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া, পালিয়ে যাওয়া অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম জানান,এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান থাকবে।