প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৪৯ পিএম (ভিজিট : ৮২)

X
কসবায় ৬৫টি কচ্ছপ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে অভিযান চালিয়ে ৬৫টি কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি)। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৬৫টি কচ্ছপ ফেলে পালিয়ে যায়। উদ্ধার করা কচ্ছপগুলোর মধ্যে চারটি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিম প্রজাতির। পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কচ্ছপগুলো সালদানদী এলাকায় অবমুক্ত করা হয়।
এসময় সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়েছে।
সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বনজ ও বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে সবসময়।