প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৪৫ পিএম আপডেট: ২৪.০৭.২০২৬ ২:৫১ পিএম (ভিজিট : ৪৩)

X
মো: কহিনুর মিয়া
মানিকগঞ্জের সিংগাইরে চাঁদাবাজি মামলাসহ দুই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো: কহিনুর মিয়া নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কহিনুর সিংগাইর সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। তার বাড়ি উপজেলার গোবিন্দল (ধাইরা পাড়া) গ্রামে। বৃহস্পতিবার উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ছাত্রদল নেতা মো: কহিনুর মিয়া ও তার সাঙ্গপাঙ্গরা উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল এলাকায় অবস্থিত জেবিসি ইটভাটার মালিক জাফর ইকবালের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি অস্ত্রশস্ত্র নিয়ে তারা ইটভাটায় গিয়ে ইটভাটা মালিক জাফর ইকবালের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসময় চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। পরে জোরপূর্বক অফিস কক্ষে প্রবেশ করে আলমারির তালা ভেঙ্গে ২০ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় কহিনুরসহ তার সাঙ্গপাঙ্গরা। এঘটনায় ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনের নামে থানায় মামলা করেন ইটভাটা মালিক জাফর ইকবাল।
তদন্ত শেষে কহিনুরসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালেতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) মীর নাজমুল হাসান। অভিযোগপত্র আমলে নিয়ে সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেন আদালত। এপ্রেক্ষিতে বৃহস্পতিবার পৌর শহর থেকে কহিনুর মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কহিনুর মিয়া চাঁদাবাজিসহ দু'টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।