প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম (ভিজিট : ৪৪)

X
আলোচনা সভা
মাদক, জুয়া ও বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায়।
‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’—এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৪ জুলাই) বাদ জুমা উপজেলার মোচনা ইউনিয়নে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইউনিয়ন পুলিশিং কমিউনিটি, মোচনা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভাটির আয়োজন করেন।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, রাজনৈতিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকায় অপরাধমূলক ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
মুকসুদপুর নওহাটা এ.আর.এম. উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মোহাম্মদ আকরাম এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাহিদুল সিকদার এবং মুকসুদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আসাদ সিকদার।
এ সময় আরও বক্তব্য দেন মোচনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোশারেফ খান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য হানিফ মোল্লা, মোচনা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আহাদুজ্জামান শেখ ও সাধারণ সম্পাদক বেলায়েত মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদশা শেখ, মোচনা ইউনিয়ন বিএনপির সদস্য আহাদ মুন্সী, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ইবনে মাসুদ রানা, মো. ইলিয়াচ মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় মাদক, জুয়া ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।