প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম (ভিজিট : ৫০)

X
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে এক শিক্ষককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষকের কেন্দ্রের দায়িত্ব স্থগিত এবং পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন রাণীক্ষার সৈয়দ ইমদাদুল বাড়ি গাউজিয়া আলিম মাদ্রাসার শিক্ষক।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, সোমবার এইচএসসি ও সমমানের ইসলামি ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে থেকে উত্তর লিখে এনে পরীক্ষার্থীদের কাছে সরবরাহের চেষ্টা করেন ওই শিক্ষক। কেন্দ্রের ট্যাগ অফিসার সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিষয়টি শনাক্ত করেন।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১২ ধারায় মো. মনির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও আরও জানান, ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী আরও দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের কেন্দ্রের দায়িত্ব স্থগিত করা হয়েছে। পাশাপাশি অনিয়মে সংশ্লিষ্ট পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি বলেন, পাবলিক পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।