প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম (ভিজিট : ১৯)

X
কুমিল্লার চৌদ্দগ্রামে আর্থিক সংকটে থাকা ভাইয়ের সংসারে স্বচ্ছলতা ফেরাতে একটি অটোরিকশা উপহার দিয়েছেন দুই বোন। সোমবার (২৭ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম মডেল থানা প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে অটোরিকশাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
জানা গেছে, উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গুজরা গ্রামের সালাউদ্দিন সুজন বিভিন্ন কারণে পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েন। স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে তাঁর দুই বোন খুরশীদ জাহান শিউলী ও খাদিজা আক্তার পপি ভাইকে স্বাবলম্বী করতে একটি অটোরিকশা কিনে দেন।
ভবিষ্যতে অটোরিকশাটি বিক্রি করা যাবে না-এ শর্তে আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এবং পুলিশকে সাক্ষী রেখে সেটি সালাউদ্দিন সুজনের কাছে হস্তান্তর করা হয়।
সালাউদ্দিন সুজন বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন অটোরিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ করতে পারি।”
দুই বোন খুরশীদ জাহান শিউলী ও খাদিজা আক্তার পপি বলেন, “ভাই সব সম্পত্তি হারিয়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছে। তাই সংসার চালানোর জন্য আমরা তাকে একটি অটোরিকশা কিনে দিয়েছি, যাতে সে নিজের পায়ে দাঁড়াতে পারে।”
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, “অসহায় ভাইয়ের পাশে দাঁড়িয়ে দুই বোন যে উদ্যোগ নিয়েছেন, এটি সমাজের জন্য একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত।”