প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৪৩ এএম আপডেট: ২৮.০৭.২০২৬ ১০:৪৮ এএম (ভিজিট : ৬২)

X
ইয়ামিন মিয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ১০ দিনের মাথায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ইয়ামিন মিয়া নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার নববধূ সুমা আক্তার (১৮) আহত হয়েছেন।
মৃত ইয়ামিন মিয়া (৩০) জেলার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের আবুল বাশার ভূঁইয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।
জানা যায়, সোমবার বিকালে ইয়ামিন তার নববধূকে নিয়ে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় রওনা দেন। সন্ধ্যার দিকে পথে ভাদুঘর হুজুরবাড়ি এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়ামিন ও সুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আহত সুমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা নওশাদ হোসেন জানান, ৮ জুলাই ইয়ামিন সৌদি আরব থেকে দেশে আসেন বিয়ে করার উদ্দেশ্যে। দেশে ফেরার আগেই পারিবারিকভাবে তাদের কাবিন সম্পন্ন হয়েছিল। পরে গত ১৭ জুলাই আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে গত ২৫ জুলাই ‘পান-ফুল’ অনুষ্ঠানে অংশ নিতে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান ইয়ামিন। বিকেলে সেখান থেকে নিজ বাড়িতে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা।
তিনি আরও বলেন, বিয়ের মাত্র ১০ দিনের মাথায় এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পুরো পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা শোকে স্তব্ধ। হাসপাতালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।”
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।