কুমিল্লায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ৩টি ঘর ভাঙচুর-লুটপাট; আহত ৩

স্টাফ রিপোর্টার কুমিল্লা

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

2026-07-29T11:45:01+00:00
2026-07-29T11:45:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ৩টি ঘর ভাঙচুর-লুটপাট; আহত ৩
স্টাফ রিপোর্টার কুমিল্লা
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৪৫ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

হামলায় তিনটি ঘর সম্পূর্ণ ভেঙে ফেলা, টিনের চাল, বেড়া ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি তিনজনকে কুপিয়ে আহত করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি গত ২৫ জুলাই বিকেল ৩টার দিকে উপজেলার বাতিসা গ্রামে ঘটে।মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাতিসা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মতিন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। তার সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে আমিনুল হক তুহিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল।

অভিযোগে বলা হয়, পূর্ব বিরোধের জেরে গত শনিবার বিকেলে আমিনুল হক তুহিনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৪০ থেকে ৫০ জনের একটি দল আব্দুল মতিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আব্দুল মতিনের ভাই আব্দুল মমিন সুজনের তিনটি ঘরের টিনের চাল, বেড়া ও সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং ঘরে থাকা বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
হামলার সময় আব্দুল মতিন, আব্দুল মজিদ সুজন ও আব্দুল মমিন সুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া শারমিন আক্তার, বিলকিস আক্তারসহ পরিবারের নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা পাশের আরও দুটি ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। 

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় প্রবাসী আব্দুল মতিন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন বলে আজ সাংবাদিকদের জানান। 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy