প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:১৬ পিএম (ভিজিট : ৪০)

X
ছবি: প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া ও সৈয়দের গাঁও গ্রামের হাজারো মানুষ জলাবদ্ধতায় আবদ্ধ রয়েছে। অত্র এলাকার পানি নিষ্কাশনের জন্য যে খাল রয়েছে তা এখন বন্ধ হয়ে গেছে। এলাকার কতিপয় লোকজন অপরিকল্পিত ভাবে পাকা বাড়ি নির্মাণ করায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।
সরজমিন পরিদর্শন গিয়ে দেখা যায় সৈয়দের গাঁও গ্রামের ও ফসলী জমির পানি নিষ্কাশনের জন্য রাস্তার উপর যেই কালভার্ট রয়েছে তার দুই পাশেই সম্মুখে বড় দালান নির্মাণ করা হয়েছে। এতে পনি নিষ্কাশনের বাঁধা সৃষ্টি হয়েছে।
অপরদিকে ধানুয়া গ্রামবাসীর পানি নিষ্কাশনের জন্য যে খাল রয়েছে তাও বড় বড় দালান নির্মাণ করায় খাল ভরাট হয়ে গেছে। খালের দুই পাশের জমির মালিকরা জায়গা না রেখে বাড়ি নির্মাণ করেছেন। যার জন্য পানি যাওয়ার কোন পথ নেই। এতে করে তলিয়ে আছে ফসলীজমি, ঘরবাড়িতে লেগে আছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন লোকজন। জলাবদ্ধতার কারণে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।
এলাকাবাসী জানান, ধানুয়া গ্রামের ইসমাইল এবং লন্ডন প্রবাসী মাহবুব এ-ই দুজন বাড়ি নির্মাণ করে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তাঁরা পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন বা জায়গা রাখেনি। দুজনেই প্রভাবশালী হওয়ায় এলাকাবাসীর কোন কথা তারা কর্ণপাত করছেন না।
ভুক্তভোগী এরশাদ উল্লাহ মোল্লা ও মাহবুব মিয়া আরো জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন।
ফলে এব্যাপারে ভুক্তভোগী দুই গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সহায়তা কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, সৈয়দের গাঁও ও এবং ধানুয়া গ্রাম বাসীর জলাবদ্ধতা সমাধান করতে আলোচনা হয়েছে। খুব শীগ্রই এমপি মহোদয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।