প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ৩৫)

X
ছবি: প্রতিনিধি
অপশক্তির কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ ও নীতিবান সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতারা।
তাঁরা বলেছেন, গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয়, আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই শিশু অধিকার রক্ষা ও সামাজিক অসংগতি দূরীকরণে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে।
রোববার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল কনভেনশন হলে আয়োজিত ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৮০ জন প্রতিনিধি অংশ নেন।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার পরিচালনায় কর্মশালায় মূল প্রশিক্ষক ও অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম।
প্রশিক্ষণ পর্বে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ, তথ্য যাচাই, ভুক্তভোগীর মর্যাদা সুরক্ষা এবং সংবেদনশীল সংবাদ পরিবেশনের প্রাতিষ্ঠানিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সততা ও নিরপেক্ষতা বজায় রেখে ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দেন আলোচকেরা।
কর্মশালার শুরুতে এক বিশেষ সম্মাননা পর্বে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়ার হাতে জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ।
স্বীকৃতিতে আবেগাপ্লুত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, "এই বিরল সম্মাননা আমাকে জনস্বার্থে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পথ দেখাবে।" অনুষ্ঠানে জেলা প্রশাসনের ‘ভালো কাজের ভালো মানুষ’ কর্মসূচির আওতায় তিনটি মানবিক কর্মকাণ্ডের ওপর নির্মিত সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।
সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও সামাজিক সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আয়োজকেরা।