
ফাইল ছবি
যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে মাসব্যাপী বিশেষ অভিযানে ৮৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৮ জুন থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
শার্শা থানা পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত ৩৫ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১১ জন দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত পলাতক অপরাধী।
ভারত সীমান্তবর্তী এলাকা হওয়ায় শার্শা মাদকের জন্য একটি ঝুঁকিপূর্ণ জোন। গত এক মাসে মাদক নির্মূলে পরিচালিত পৃথক অভিযানে ২৭টি মামলায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে ৬৮০ পিস ইয়াবা, ১ হাজার ১৮৪ বোতল এস্কাফ কফ সিরাপ এবং ৭১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর অবস্থানে ছিল পুলিশ। এ সময় ধর্ষণের অভিযোগে তিনজন এবং ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে পাঁচ দিনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। অন্যান্য সাধারণ অপরাধে আরও ১১ জন গ্রেফতার হয়েছেন।
অপরাধ নিয়ন্ত্রণে চেকপোস্টে তল্লাশি ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। একটি নিরাপদ ও অপরাধমুক্ত শার্শা গড়তে আমরা স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি।" কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত পুলিশকে অবহিত করারও আহ্বান জানান তিনি।